১০ ফেলোসহ ১৭তম বিডিনগ-এ ৬৮ প্রশিক্ষণার্থী
নেটওয়ার্ক প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ অপারেটর নেটওয়ার্কের (বিডিনগ) সপ্তদশ সম্মেলন উপলক্ষ্যে এবার রাজধানীর বনানীর হোটেল শেরেনা-তে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে ৬৮ প্রশিক্ষণার্থী। আইএসপিএবি ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপিনিক) সহায়তায় বুধবার থেকে শুরু হওয়া কর্মশালা শেষ হবে শুক্রবার সন্ধ্যায়।
সূত্রমতে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কর্মশালায় অ্যাডভান্স রাউটিং বিষয়ে ৪৮ জন এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং কর্মশালায় ১৮ জন অংশ নিচ্ছে। প্রশিক্ষণে ইনবাউন্ড ট্রাফিকের ক্ষেত্রে আপস্ট্রিম লোড শেয়ারিং, কার্নেল অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স এর টেকসই ব্যবহার, ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নয়ন, বাংলাদেশে ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ করে তার উত্তরণের কৌশল নিয়ে আলোকপাত করেন প্রশিক্ষকেরা।
এরমধ্যে রাউটিং ফর এভরিওয়ান কর্মশালায় এপনিক প্রশিক্ষক জোবায়ের খান, কিউএস তাহমিদ, আইসক এর আফতাব সিদ্দিকী এবং বিডিনগ প্রশিক্ষক শায়লা শারমিন প্রশিক্ষণ দিচ্ছেন। অপরদিকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন এপিনিক প্রশিক্ষক দেব পেহলান, জোবায়ের খান, এডিএন টেলিকম এর সুমন সাহা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সম্পর্কে বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব জানিয়েছেন, প্রতিটি প্রোগ্রামে আট থেকে ১০ জনকে নেটওয়ার্ক অপারেশন টেকনোলজির উপর ফেলোশিপ প্রদান করা হয়। বিডিনগ বিভিন্ন স্পন্সরের সহায়তা নিয়ে এই ফেলোশিপ প্রদান করে থাকে। এবার বিডিনগ ১৭-তে ফেলোশিপ পেয়েছেন আম্বার আইটি’র তামান্না ইয়াসমিন, ইস্টার্ন বাংকের জাকারিয়া সুলতানা, লিংক থ্রি টেকনোলজি’র লাবণ্য খাতুন তহুরা, ব্র্যাক নেটের মোঃ রাসেল, দি নেট হিডস এর মোহাম্মাদ সুজন, ফাইবার অ্যাট হোমের ছন্দা রাণী সরকার, আর্থ নেলিকমিউনিকেশনের গোলাম কিবরিয়া এবং স্টারডাস্ট টেলিকমের মোঃ শাহীন প্রধান।
শুক্রবার সন্ধ্যায় সনদ গ্রহণের মধ্য দিয়ে বছরের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।





